ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
আপডেট : ৮ আগস্ট, ২০১৮ ১৯:২৬

সড়ক আইনে সমর্থন বাস-মালিকদের

নিজস্ব প্রতিবেদক
সড়ক আইনে সমর্থন বাস-মালিকদের

প্রস্তাবিক সড়ক পরিবহন আইন-২০১৮ কে পূর্ণ সমর্থন দিয়েছেন ঢাকাভিত্তিক পরিবহন মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার বিকেলে বিআরটিসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ একথা বলেন।

তিনি বলেন, ১৯৮৩ সালের আইন থেকে এই আইন অনেক সময়োপযোগী ও গ্রহণযোগ্য। পরিবহন মালিক ও শ্রমিকরা সবাই এই আইনের পূর্ণ সমর্থন করি। তবে এই আইনে জরিমানার পরিমাণ অনেক বেশি। আমরা কিছু সংশোধনী প্রস্তাব দেব। সরকার মানলেও সমর্থন থাকবে না মানলেও সমর্থন।

তিনি আরও বলেন, টার্গেটভিত্তিক (কন্ট্রাক্টভিত্তিক) বাস চলাচলের কারণে বাসগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা বেশি হয়, দুর্ঘটনা বাড়ে। আমরা এটা করতে দেব না। আগামীকাল থেকে কোনো বাস টার্গেটভিত্তিক চলবে না। যে কোম্পানি এটা মানবে না তার লাইসেন্স বাতিল করার জন্য সুপারিশ করবো। আর সমিতির আওতায় হলে সাংগঠনিক ব্যবস্থাও নেব।

এনায়েত উল্যাহ বলেন, আগে বাস কোম্পানিগুলো ক্ষতিপূরণ দিতো না বললেই চলতো। কিন্তু এই আইনে তা দিতে হবে। তিনি বলেন, আগামীকাল থেকে প্রতিটি টার্মিনালে চেক করব কোন গাড়ি ফিটনেস সনদ, চালকের লাইসেন্স ছাড়া চলে কিনা। কারও কাগজপত্রে ক্রটি থাকলে চলতে দেয়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালিকদের সময় দিচ্ছি তারা যেন এর মধ্যে সব কিছু ঠিক করে নেয়।

এ সময় তিনি টার্গেটভিত্তিক গাড়ি চালানো বন্ধ করতে সিটি কর্পোরেশনকে সড়কের পাশে টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখার আহ্বান জানান।

উপরে