গোপালগঞ্জে করোনা রোগী বেড়ে ৪৮৩
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮৩ জনে। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৪৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, মুকসুদপুর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২ জন, কাশিয়ানী উপজেলায় ২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় মোট ৯ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ২৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ২৩৬ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
করোনা আক্রান্ত ৪৬০ জনের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১২৫ জন, কাশিয়ানী উপজেলায় ১২০ জন, সদর উপজেলায় ১০৪ জন, কোটালীপাড়া উপজেলায় ৭১ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৬৩ জন রয়েছেন।
