এখন গুলশান, বনানী, বারিধারায় জোবাইক
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম বাইসাইকেল রাইড শেয়ারিং সেবার প্রতিষ্ঠান জোবাইকের কার্যক্রম এবার বিস্তৃত হল ঢাকার উত্তর সিটি করপোরশনের গুলশান, বনানী ও বারিধারা এলাকায়। এসব এলাকায় ২২টি পয়েন্টে শতাধিক বাইসাইকেল থাকবে। যে কেউ জোবাইকের মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতি মিনিট ১ টাকা খরচে এই সেবা নিতে পারবেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুর ডিওএইচএস এলাকায় জোবাইকের সেবা শিক্ষার্থী ও তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বুধবার দুপুরে গুলশান ২ নম্বরে এক অনুষ্ঠানে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় জোবাইক সেবার উদ্বোধন করেন।
তিনি বলেন, সারা বিশ্বে ধনী-গরীব, নারী-পুরুষ নির্বিশেষে সকলে বাইসাইকেল ব্যবহার করছে। আমাদেরকেও এই অভ্যাস গড়ে তুলতে হবে। আসুন পরিবেশ বাঁচানোর জন্য, কার্বন ডাই- অক্সাইড নিঃসরণ কমানোর জন্য বাইসাইকেল ব্যবহার করি, ভবিষ্যত প্রজন্মকে সুন্দর ঢাকা উপহার দেয়ার জন্য বাইসাইকেল ব্যবহার করি।
মেয়র জানান, আগামীতে উত্তরাসহ পর্যায়ক্রমে সিটি করপোরেশনের সর্বত্র এই সেবা সম্প্রসারণ করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাইসাইকেল চালানো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সুযোগ পাইনা। গ্রামে সাইকেল চালানোর সুযোগ থাকলেও শহরে এ সুযোগ নেই। এ সমস্যা সমাধানের জন্য ডিএনসিসি মেয়র কাজ করছেন।
পরে মেয়র আতিক ও প্রতিমন্ত্রী পলক নিজেরা বাইসাইকেল চালিয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজা বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সহজে যাতায়াতের সুবিধা দিতেই এই সেবা চালু করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ইউজার সাড়ে তিন হাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেবা চালুর এক সাপ্তাহের মধ্যে দেড় হাজার রাইড নিয়েছেন ব্যবহারকারীরা।
ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার শহরে এই সেবা চালু আছে বলে জানান তিনি।
