বিপদসীমা ছুঁই ছুঁই করছে দিনাজপুরের সব নদীর পানি
গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে দিনাজপুরের প্রায় সব নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।
উজানের ঢল ও বৃষ্টিপাতের ফলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বেশকিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেকের বাসা-বাড়িতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে জমির ফসল। বিশেষ করে নদীতীরবর্তী এলাকার মানুষেরা রয়েছেন বিপর্যস্ত অবস্থায়।
যদিও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন, বন্যা হওয়ার আশঙ্কা কিংবা পূর্বাভাস কিছুই নেই এই জেলার জন্য। ইতিমধ্যে নদীর পানি নেমে যেতে শুরু করেছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার নদীগুলোর মধ্যে পুনর্ভবা নদীর ৩৩ দশমিক ৫০০ মিটার বিপদসীমার বিপরীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৩২ দশমিক ৮০ মিটার, আত্রাই নদীর ৩৯ দশমিক ৬৫০ মিটারের বিপদসীমার বিপরীতে বর্তমানে ৩৮ দশমিক ৭৯ মিটার ও ইছামতি নদীর ২৯ দশমিক ৯৫০ বিপদসীমার বিপরীতে ২৮ দশমিক ৫ মিটারে অবস্থান করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান জানান, রাতে নদীগুলোর পানি সর্বোচ্চ লেভেলে ছিলো। বর্তমানে পানি কমার দিকে। তাই বন্যার কোন আশঙ্কা নেই। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে ওই পানি এদিকে আসায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে দিনাজপুর জেলার জন্য বন্যা হওয়ার মত পূর্বাভাস কিংবা আশঙ্কা কোনটাই নেই।
