ব্রহ্মপুত্রের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন
ময়মনিসংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের মূল জায়গা দিয়ে খনন করে বসতভিটা ও আবাদি জমি রক্ষার দাবিতে গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার বেলা ১১টায় ব্রহ্মপুত্রের পাড়ে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে প্রায় তিন শতাধিক পরিবার। প্রতিনয়ত সর্বস্ব হারানো মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে। ব্রহ্মপুত্র নদ তার রের্কডিয় জয়গা থেকে বেরিয়ে মরিচারচর গ্রাম ভাঙনের কবলে পড়ে নদের নতুন গতিপথ সৃষ্টি হয়। এতে গত কয়েক বছরের ভাঙনে মানুষের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ পরিস্থিতিতে ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য নদের মূল জায়গা খননের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা।
এলাকার মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম চৌধুরী নোমান বলেন, নদী ভাঙনের মূল জায়গা রেখে নতুন গতিপথ তৈরি হয়েছে। অনেকের শেষ সম্বল বসতভিটা পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়েছে। তাই মূল জায়গা দিয়ে নদ খনন করে মানুষের বসতভিটা ও ফসলি জমি রক্ষা না করলে আরো প্রায় দুই শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়বে।
উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, গত কয়েক বছরের ভাঙনে প্রায় তিন শাতাধিক পরিবার নিজস্ব বাড়ি পৈত্রিক ভিটা নদীগর্ভে হারিয়ে নতুন চরে আশ্রয় নিয়েছে। অনেকে জমিজমা হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। সিএস এবং আরওআর রের্কডে নদের মূল জায়গা খনন করা হলে রক্ষা পাবে গ্রামের মানুষের বসতভিটা ও ফসলি জমি।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, নদীটি মূল জায়গা দিয়ে খননের জন্য সরেজমিন পরিদর্শন করে প্রস্তাব পাঠানো হয়েছে। মূল জায়গা দিয়ে প্রায় ৫শ' মিটার খনন করা হলে নদের গতিপথ পরিবর্তন হবে। এটি ছাড়াও পানি উন্নয়ন বোর্ডকে সুপারিশ করা হয়েছে বাঁধ নিমার্ণ কাজ সম্প্রসারণ করার জন্য। তাহলে ভাঙন অনেকটা কমে যাবে।
