ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৮:০৫

হায়দার আকবর খান রনো করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
হায়দার আকবর খান রনো করোনায় আক্রান্ত


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, হায়দার আকবর খান রনো ভাই আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি সিওপিডিতে ভুগছিলেন। তিনি আগে থেকেই কৃত্রিম অক্সিজেন গ্রহণ করতেন। বর্তমানে রনো ভাই করোনা আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। রোববার রাতে তার নমুনা পরীক্ষা রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হায়দার আকবর খান রনো বাংলাদেশের বিশিষ্ট মধ্য বামপন্থী নেতা এবং কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ। একাধারে তিনি তাত্ত্বিক, বুদ্ধিজীবী এবং বহু গ্রন্থের লেখক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র থাকাকালীন তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত হন। তিনি ছিলেন পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের রণাঙ্গনের সৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

উপরে