আপডেট : ৭ জুলাই, ২০২০ ১৫:৫৯
বরিশালে তক্ষকসহ গ্রেপ্তার দুই যুবক কারাগারে
নিজস্ব প্রতিবেদক
বরিশালের কাশীপুর পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন এলাকা থেকে তক্ষকসহ আটককৃত দুই চোরাচালানিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। তারা হলেন, গৌরনদী উপজেলার বিল্লুক গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মো. ইউসুফ ও নগরীর কাশীপুরের কলাডেমা এলাকার সাফেজ মল্লিকের ছেলে রফিকুল ইসলাম।
র্যাব-৮ এর সদর দপ্তর নগরীর রূপাতলী থেকে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি তক্ষক।
পরে ওই রাতেই আটককৃতদের বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় সোপর্দ করে র্যাবের ডিএডি আব্দুল মোনাফ বাদী হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
