চালকদের বোকা বানিয়ে গাড়ি চুরি করতো তারা
বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ইজিবাইক ও মোটরসাইকেল চক্রের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার থেকে টানা তিন দিনের অভিযানে বগুড়া, দিনাজপুর, রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (অপারেশন) হাসান আলীর নেতৃত্বে এ অভিযানে ৪টি ব্যাটারিচালিত ইজিবাইক ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়ার নান্নু (৩৭) ও সেলিনা (৩২), সদরের আটাপাড়ার শফিকুল (৪৯) ও চাঁদমুহা হরিপুরের হামিদ (৪৫), গাবতলীর চাকলার শাহাদাত (৩৯), কাহালুর শিকড়ের হান্নান (৪৬), দিনাজপুরের নবাবগঞ্জের হরিপুরের বাবু (৩৩) ও ঘোড়াঘাটের দামোদরপুরের সাখাওয়াত হোসেন (৩৭) এবং রংপুরের পীরগঞ্জের ধরলাকান্দির তসলিম (৩৫) ও মিঠাপুকুরের আনারুল (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় চালকদের বোকা বানিয়ে গাড়ি চুরি করতো। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ওই চোর চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি ব্যাটারিচালিত ইজিবাইক ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এ প্রতিবেদককে বলেন, এই চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় চালকদের বোকা বানিয়ে গাড়ি চুরি করতো। তাদের ১১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
