ঢাকা, রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২৯

সওজের সাবেক প্রধান প্রকৌশলী সস্ত্রীক বিদেশ যেতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
সওজের সাবেক প্রধান প্রকৌশলী সস্ত্রীক বিদেশ যেতে পারবেন


সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের সদস্য সাবেক প্রধান প্রকৌশলী মো. জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিদেশ যাত্রায় যে বাধা ছিল, তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। ফলে তাদের বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন তাদের আইনজীবী। 
একই সাথে, অনুসন্ধানের নামে বার বার নোটিশ দিয়ে আবেদনকারীদের হয়রানি করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। দুই জনের করা পৃথক পাঁচটি রিট আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন হাইকোর্টের সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। তাকে সহায়তা করেন এআরএম কামরুজ্জামান কাকন ও মো. সাজিদুর রহমান। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
পরে ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন জানান, আদালত বিদেশ যাত্রা সংক্রান্ত আদেশ ছাড়াও দুদক কর্তৃক জব্দকৃত তাদের দুই জনের স্থাবর সম্পত্তি ও ফ্রিজ করা ব্যাংক হিসাবের মধ্যে যে অ্যাকাউন্টে মো. জাওয়েদ আলম পেনশনের টাকা প্রাপ্ত হবেন তা অবমুক্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিদেশ থেকে তিন মাস পরে ফিরে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আলতাফ বলেন, শুনানিতে দুদকের এখতিয়ার চ্যালেঞ্জ করেছিলাম। আর আদালতের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে, কোন ক্ষমতা বলে একজন নাগরিককে কোনো রকম মামলা ছাড়াই বিদেশ যেতে বাধা দেয়। আর শুধুমাত্র নোটিশ দিয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে দুই বছর বিদেশ যেতে দেওয়া হয়নি। তাকে দুই বছর আটকে রাখা হয়েছে তদন্তের নামে। এরপরে আদালতও এ বিষয়টি নিয়ে দুদকের প্রতি প্রশ্ন তুলেছেন।
আইনজীবী কামরুজ্জামান কাকন জানান, এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালের ২০ জুন তাদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায় দুদক। এই সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করলেও ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি আবারও সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়। 
চলতি বছরের ৮ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে আবেদনকারীরা জানতে পারেন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি আবেদনকারীদের স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসেব ফ্রিজ করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। এসব বিষয় চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

উপরে