মহিলা দল নেত্রীর পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক, অতঃপর...
বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ। পরে মামলা না দিয়ে তাকে কেন্দ্র সচিবের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি ইব্রাহিম আলী। তিনি জানান, মামলা না দিয়ে কেন্দ্র সচিব ওই ছাত্রীকে নিজ জিম্মায় নিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিশা বগুড়া শহরের চকসুত্রাপুর উত্তরপাড়ার জীবন শেখের মেয়ে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। একই এলাকার নান্টু শেখের মেয়ে নিপা খাতুন তার খালা। নিপা খাতুন এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার্থী এবং বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তার কেন্দ্র ছিল বগুড়া জিলা স্কুল।
শুক্রবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় খালার পরিবর্তে তিশা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকের কাছে প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় সন্দেহ তৈরি হয়। পরে জিজ্ঞাসাবাদে তিশা স্বীকার করেন, তিনি নিপা খাতুনের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এরপর তাকে থানায় হস্তান্তর করা হয়।
অভিযোগ অস্বীকার করে নিপা খাতুন জানান, তিনি পরীক্ষার সময় অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং সাময়িকভাবে ভাগ্নিকে কেন্দ্রে বসিয়ে রেখেছিলেন। তার দাবি, ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে অভিযুক্ত কেন্দ্র সচিবের বক্তব্য পাওয়া যায়নি।
