logo
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৯:৫৩
শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা


,তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের মধ্য থেকে ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার।
তথ্য মন্ত্রণালয় শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে।
সোমবার সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়, শুদ্ধাচার পুরস্কার নীতিমালা-২০১৭ অনুযায়ী, গত ২৩ জুন এক অফিস আদেশের মাধ্যমে প্রধান তথ্য কর্মকর্তার মনোনয়ন ঘোষণা করে তথ্য মন্ত্রণালয়। শুদ্ধাচার পুরস্কারের জন্য তথ্য মন্ত্রণালয়ের অপর দুই জন হলেন- মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ গোলাম আজম এবং অফিস সহায়ক মো. আব্দুল আলীম।
বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালকের দায়িত্বে থাকা সুরথ কুমার ২০১৯ সালের ২৭ জুন থেকে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পান।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সুরথ কুমার জাতীয় সংসদ সচিবালয়, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড, তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
২০১২ সালে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়। যার মূল লক্ষ্য- শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা। এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে সব মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন করছে।
২০১৭ সালে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা প্রণয়ন করার পর শুদ্ধাচার পুরস্কার দেওয়া হচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com