logo
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৯:৫৮
ডা. জাফরুল্লাহর খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক

ডা. জাফরুল্লাহর খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক


করোনাজয়ী ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।
সোমবার সকাল সাড়ে ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে এসে তার শারীরিক খোঁজ নেন ডা. এবিএম আব্দুল্লাহ।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম মিন্টু জানান, আজ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে আসেন। এসময় ডা. আব্দুল্লাহ তার শারীরিক এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
তিনি আরও জানান, ডা. আব্দুল্লাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে কিছু সময় থাকার পর বেরিয়ে যাওয়ার সময় গণস্বাস্থ্যের পরিচালক অধ্যাপক ডা. শওকত আলি আরমানকে বলেন, প্রতিদিন ফোন করে জাফর ভাইয়ের শারীরিক অবস্থা আমাকে জানাবেন। আর আমিও ফোন করে খোঁজ-খবর নেবো।
এসময় ডা. আরমান বলেন, জাফরুল্লাহ চৌধুরীকে মানসিকভাবে অনেক উজ্জীবিত দেখা গেছে।
এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনার ইনফেকশন না থাকলেও তার শারীরিক দুর্বলতা এখনো কাটেনি। এজন্য জাফরুল্লাহ চৌধুরীকে আরো বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।
গত ১৩ জুন ডা. ফরুল্লাহ চৌধুরীর টেস্টের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে বাংলাদেশ জার্নালকে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার।
মহিবুল্লাহ খন্দকার বলেন, পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনা নেগেটিভ পাওয়া গেছে। আর পরীক্ষায় তার দেহে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।
গত ৫ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। ওই দিন থেকেই ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিজের স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com