logo
আপডেট : ৩০ জুন, ২০২০ ১৭:১৬
'করোনার মহাদুর্যোগে রাষ্ট্রকে অবশ্যই নাগরিকের পাশে দাঁড়াতে হবে'
নিজস্ব প্রতিবেদক

'করোনার মহাদুর্যোগে রাষ্ট্রকে অবশ্যই নাগরিকের পাশে দাঁড়াতে হবে'


করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি নেয়ার সিদ্ধান্ত বাতিল করে মহাদুর্যোগের এই সময়ে রাষ্ট্রকে নাগরিকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানান। 
বিবৃতিতে তারা বলেন, করোনা মহামারীর শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষা বাড়ানোর উপর জোর দিয়ে আসছে। দ্রুত পরীক্ষা দ্রুত শনাক্তকরণ যেখানে জরুরি সেখানে পরীক্ষার উপর মূল্য বা  ফি নির্ধারণ কর্মহীন বেকার অসহায় মানুষদের পরীক্ষা করাতে নিরুৎসাহিত করবে। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বাড়বে। যার পরিণতি হবে ভয়াবহ।
বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন, দেশের ৪৩ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করছে। ইউনিসেফ বলছে বাংলাদেশের বহু পরিবার এখন তিন বেলা খেতে পায় না। অন্যদিকে হাজার হাজার বন্যার্ত মানুষ আশ্রয়ের সন্ধান করছে। পানিতে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মহামারীর এই পরিস্থিতিতে মানুষের যখন উপার্জনের পথ বন্ধ, জীবিকা হুমকির মুখে সেই মুহূর্তে করোনা পরীক্ষায় সরকারি ফি নির্ধারণ সাধারণ জনগণের দুঃখ-দুর্দশার প্রতি উপহাসের নামান্তর।
বিবৃতিতে আরও বলা হয়, রোগ প্রতিরোধ করার দায়িত্ব সরকারের। করোনা পরীক্ষা রোগ প্রতিরোধ কর্মকাণ্ডের অংশ‌। সরকারের ভুল পরিকল্পনায় বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। সেখানে করোনা পরীক্ষা করার ক্ষেত্রে সরকারের অর্থের অভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মহাদুর্যোগের এইসময়ে রাষ্ট্রকে অবশ্যই নাগরিকের পাশে দাঁড়াতে হবে। অসহায় উপার্জনহীন প্রান্তিক মানুষদের সুরক্ষা দিতে হবে। করোনা সংক্রমণ বিস্তার রোধে পরীক্ষার ফি নেয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com