logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০ ১৭:৩৮
সৌদি যুবরাজ ও নেতানিয়াহুর গোপন বৈঠক
নিজস্ব প্রতিবেদক


সৌদি যুবরাজ ও নেতানিয়াহুর গোপন বৈঠক


যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে রবিবার গোপনে সৌদি আরব গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগে থেকেই সেখানে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার মধ্যেই নেতানিয়াহুর এ গোপন রিয়াদ সফর। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরায়েলের কান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও সোমবার জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনও লোহিত সাগর উপকূলের সৌদি শহর নিওমের ওই বৈঠকে অংশ নেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় কিংবা দেশটিতে মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে এ সফর নিয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া এ নিয়ে এখনও কোনো বক্তব্য আসেনি সৌদি সরকারের পক্ষ থেকেও।

ইসরায়েলের দৈনিক হারেৎজ এবং বিমান চলাচল তথ্যে দেখা যাচ্ছে, তেল আবিব থেকে সংক্ষিপ্ত সফরে সৌদি আরবের নিওমে যায় একটি ব্যক্তিগত বিমান; যেখানে রোববার বৈঠক করেন যুবরাজ সালমান এবং পম্পেও।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নিওমে অবতরণের পর সেখানে আনুমানিক দুই ঘণ্টা অবতরণের পর নেতানিয়াহুকে বহনকারী বিমানটি ঠিক মধ্যরাতে আবার তেল আবিবে ফিরে আসে। হারেৎজ জানাচ্ছে, এই বিমান নিয়েই বেশ কয়েকবার পুতিনের সঙ্গে দেখা করতে গেছেন নেতানিয়াহু।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com