logo
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৬ ১৬:৪৫
দিকে দিকে আজ বৈশাখী উৎসব
নিজস্ব প্রতিবেদক

দিকে দিকে আজ বৈশাখী উৎসব

গতকাল রমনার বটমূলে মহড়ায় ছায়ানটের শিল্পীরা। আজ সেখানে হবে বর্ষবরণের মূল আয়োজন।

রমনার বটমূলে ছায়ানট

রাজধানীর রমনা উদ্যানের বটমূলে গান-কবিতায় প্রতিবারই বর্ষবরণ করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। পহেলা বৈশাখের ঐতিহ্যে পরিণত হয়েছে এই আয়োজন। এবারও এর ব্যত্যয় ঘটছে না। ভোর ৬টা ১৫ মিনিটে শুরু হবে এবারের আয়োজন।

রবিবার এক সংবাদ সম্মেলনে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা জানান, আটটি সম্মেলক ও ১৪টি একক গান এবং দুটি পাঠ দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। এতে অংশ নেবেন প্রায় দুই শ শিল্পী। বর্ষবরণ আয়োজনে বিশ্বজুড়ে চলমান অশান্তি ও সংকট থেকে উত্তরণের কামনা করবেন শিল্পীরা।  প্রকৃতি, মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি এবার লোকজ সুরের উপস্থিতিও থাকবে।

এ ছাড়া থাকবে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসংগীতজ্ঞ সলিল চৌধুরী ও পাকিস্তানবিরোধী আন্দোলনের দুর্দম গীতিকার-সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। দুই ঘণ্টার এ আয়োজন সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও দীপ্ত টিভি। এ ছাড়া ছায়ানটের ফেসবুক পেজেও দেখা যাবে লাইভ।

 

 

হাজার কণ্ঠে বর্ষবরণ

প্রতিবারের মতো এবারও রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে বসছে হাজার কণ্ঠে বর্ষবরণের আসর।

চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে আজ ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। এতে সংগীত প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র শিক্ষার্থীদের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা অংশ নেবেন। নামি শিল্পীদের মধ্যে থাকবেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল ও লুইপাসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় দীপ্তি চৌধুরী ও আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা।

সমাপনী বক্তব্য দেবেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। একই ভেন্যুতে থাকছে বৈশাখী মেলাও। সেখানে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানা তৈজসপত্র পাওয়া যাবে।

 

 

শিল্পকলায় বর্ণিল আয়োজন

চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপনে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজনে আজকের পর্বেও থাকছে বাহারি অনুষ্ঠানমালা। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। এদিন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ঢাকঢোল বাদনের মধ্য দিয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক পর্বের শুরুতে থাকবে শতকণ্ঠে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গানটি। এ ছাড়া পরিবেশিত হবে কবিগান, গাজীর গান, গম্ভীরা ও বাউল গান। থাকবে ভিন্ন জাতিগোষ্ঠীর সংগীত ও নৃত্য পরিবেশনা।

 

 

ছায়ানটজেমস গাইবেন পাবনায়

পহেলা বৈশাখে নগরবাউল জেমসের কনসার্ট ঘিরে থাকে বিশেষ আগ্রহ। তবে এবার তিনি ঢাকায় কোনো শো করছেন না। তাঁকে পাওয়া যাবে পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে। সেখানে গাইবেন স্কয়ার গ্রুপের আয়োজনে একটি কনসার্টে। সকাল ৮টায় শুরু হবে অনুষ্ঠান। তবে জেমস মঞ্চে উঠবেন সকাল ১১টার দিকে। এর আগে পারফরম করবেন ইমরান মাহমুদুল ও ফাতিমাতুজ-জাহরা ঐশী।

 

 

মেঘদলের ঝোড়ো সময়ের গান

লম্বা বিরতির পর একক কনসার্ট নিয়ে হাজির ‘মেঘদল’। আজ সন্ধ্যায় ব্যান্ডটি পারফরম করবে রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। এতে আসন সংখ্যা ২০০। প্রতি টিকিটের মূল্য এক হাজার টাকা। কনসার্টে ‘মেঘদল’-এর সঙ্গে তিনজন অতিথি শিল্পীও গান করবেন।

 

ছায়ানটবনানীতে গাইবেন প্রীতম

রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক পার্কে আজ অনুষ্ঠিত হবে ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’। এতে মূল আকর্ষণ থাকছেন হালের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। একই আয়োজনে গতকাল চৈত্রসংক্রান্তিতে পারফরম করেছিলেন হাবিব ওয়াহিদ। আজকের পর্বে প্রীতম ছাড়াও থাকবে একাধিক ব্যান্ড ও একক শিল্পীর পরিবেশনা। আয়োজনে অ্যাসেন ও রিশকা কানেক্টস। বিকেল ৩টায় শুরু হবে অনুষ্ঠান। 

 

মাদানি এভিনিউতে কোক স্টুডিও বাংলা

বিভিন্ন ধরনের গান ও যন্ত্রের অনুষঙ্গে শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে কোক স্টুডিও বাংলা। আজ এই টিম থাকবে রাজধানীর মাদানি এভিনিউয়ের ১০০ ফিটের কোর্টসাইড-এ। সেখানে বৈশাখী কনসার্টে গান করবেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা। ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনের এ কনসার্টে থাকবেন শুভেন্দু দাস শুভ, ঋতুরাজ, নন্দিতা, অঙ্কনসহ অনেকেই। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়। এর টিকিট মূল্য ৮০০ ও ৮৫০ টাকা।

 

জাহাঙ্গীরনগরে বেঙ্গল সিম্ফনি

ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকছে বর্ষবরণের আয়োজন। সেখানকার মুক্তমঞ্চে হবে কনসার্ট। গাইবে ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’। এ দলের হয়ে পারফরম করবেন ইমন চৌধুরী, আরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, সুমাইয়া ইসলাম মিমসহ অনেকে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়।

 

 

যাত্রা বিরতিতে দুই সহোদরা

পহেলা বৈশাখে দারুণ আয়োজনের পসরা সাজিয়েছে বনানীর যাত্রা বিরতি। আজ দিনভর সেখানে থাকবে বাউল গান, ঐতিহ্যবাহী বায়স্কোপ, পুতুল নাচ, বেলুন শুটিং, ফেইস পেইন্টিং, নৃত্য পরিবেশনা, সাউন্ড হিলিং, কচিকাঁচাদের গানের অনুষ্ঠান, আর গ্রামীণ লোকজ মেলা। রাত ৮টায় গান পরিবেশন করবেন দুই সহোদরা ফারহিন খান জয়িতা ও সেমন্তী মঞ্জরী। তাঁরা পঞ্চকবির গানের সঙ্গে আধুনিক গানও গাইবেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com