logo
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:০৭
বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক

বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে রিট

দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন।

ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন রিট দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা কর্তৃপক্ষকে প্রদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার কারাগারে বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার নিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে নির্মিত এলাকাটি জনাকীর্ণ থাকে। সে জন্য নিরাপত্তাজনিত কারণে বিশেষ জজ আদালত-৫ নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করা হলো।

সেই আদালতে বিচার চলাকালীন সময়ে খালেদা জিয়া বলেন, আমি অসুস্থ। পা ফুলে যায়। আপনারা যা ইচ্ছা রায় দেন। আমি আর আসতে পারব না।

এরপর খালেদা জিয়ার আইনজীবীরাও তার সঙ্গে দেখা করে গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না দাবি করে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলেছেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকের দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে।
 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com