logo
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৮ ২০:০৭
বাংলাদেশের ‘সফলতার গল্প’ ছড়াতে চায় আইডিবি
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ‘সফলতার গল্প’ ছড়াতে চায় আইডিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জার বলেছেন, ‘শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক সূচকে উন্নতি করছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে অনেক সফলতার গল্প আছে। ৭ শতাংশের বেশি জিডিপি গ্রোথ। আমরা চাই এই সফলতার গল্প আফ্রিকার গরিব দেশসহ অন্য দেশের মধ্যে ছড়িয়ে দিতে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলেন তিনি এসব কথা বলেন। ঢাকায় ইসলামি উন্নয়ন ব্যাংকের রিজিওনাল হাব (আঞ্চলিক কার্যালয়) স্থাপন বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইডিবি’র প্রতিনিধি হানি সালিম সোনবল প্রমুখ।

আইডিবি’র প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে রিজিওনাল হাব করার কারণ, এদেশ ভৌগোলিক দিক গিয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আঞ্চলিক অফিস থেকে পাশের দেশ ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, চীন, শ্রীলঙ্কাসহ আরও অনেক দেশে এখান থেকে কার্যক্রম পরিচালনা করা হবে। আইডিবির অর্থায়ন ও কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণের যে পরিকল্পনা রয়েছে, এটি তারই অংশ। যেখানে কারিগরি সহযোগিতা দেওয়াসহ উদ্ভাবনী আইডিয়াগুলোকে বাস্থবায়নে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

বন্দর এম এইচ হাজ্জার বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেখানে তারা বিভিন্ন গবেষণার কাজ করছে। আবার আমরা শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছি। কিন্তু দেখা যায় তাদের সঙ্গে আমাদের আর পরবর্তী সময়ে সেভাবে যোগাযোগ হচ্ছে না। এখানে হাব স্থাপনের ফলে তাদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়বে।

ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সদস্য দেশগুলোর অবকাঠামো খাতে আগামী এক হাজার বিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রয়োজন হবে জানিয়ে আইডিবির প্রেসিডেন্ট বলেন, এই টাকা এডিবিসহ অন্যান্য দাতা সংস্থাগুলোর তহবিলে নেই। তাদের এখন মোট তহবিলের পরিমাণ ১৪৬ বিলিয়ন ডলার। তাই এই খাতে বিনিয়োগের বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বেসরকারি খাতকে আমরা প্রযুক্তি সহায়তাসহ বিভিন্নভাবে সহায়তা করবো। তাদের কোনো আইডিয়া থাকলে সেটা বাস্তবায়নে কাজ করবো, এই আইডিয়ার সুফল আইডিবির সদস্য দেশগুলোও পাবে। যার ফলে পারস্পরিক যোগাযোগ বাড়বে।

আইডিবি’র ঢাকা কার্যালয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্বাবনী ও আইডিয়া বাস্তবায়নে সহায়তা করবে। প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে, প্রযু্ক্তির উন্নয়নে যে আইডিয়াগুলো নেয়া হবে তাদের আর্থিক সহায়তা দেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। ইতিমধ্যে প্রায় চার হাজার আইডিয়া জমা পড়েছে। যে কেউ তাদের আইডিয়া জমা দিতে পারবে। তবে শর্ত হলো, এই আইডিয়ার সুফল আইডিবির সদস্য দেশগুলো পাবে।

এম এইচ হাজ্জার বলেন, উদ্ভাবক ও আইটিসহ বিভিন্ন আইডিয়া বাস্তবায়নে ৫০ কোটি ডলারের তহবিল গঠন করেছি আমরা। ভবিষ্যতে এর তহবিলের আকার আরও বাড়ানো হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশে আইডিবি’র হাব স্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ১৯৭৪ সাল থেকে আইডিবি আমাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে আসছে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন উন্নয়শীল দেশে যাচ্ছি। সামনে আমরা সহজ শর্তে লোন পাবো না। তাই আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি। আমাদের উন্নয়ন দেখে বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করছে। আইডিবি এখানে তাদের হাব খুলেছে।

মন্ত্রী বলেন, বিদেশ থেকে আমরা এখন পর্যন্ত যে লোন নিয়েছি সব লোনের অর্থই আমরা সময়মতো পরিশোধ করেছি। একটি দেশও বলতে পারবে না যে, আমাদের কাছে তাদের লোনের টাকা বাকি রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশসহ ১১টি দেশে আইডিবির হাব রয়েছে। বাংলাদেশের হাব থেকে আইডিবির ১৯টি সহযোগী দেশে কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে আইডিবির সদস্য দেশ ৫৭টি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com