রংপুর এবং কুমিল্লা পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকছে এটা আগেই জানা ছিল। সিলেটের বিপক্ষে চিটাগং এবং ঢাকা আগের ম্যাচে কুমিল্লার বিপক্ষে হারলেই নিশ্চিত হয়ে যায় বিষয়টি। শনিবার দেখার ছিল শীর্ষে কারা থাকে আর দুইয়ে জায়গা পায় কারা। শীর্ষে থেকে প্লে অফে খেলার মর্যাদা অর্জন করেছে মাশরাফির রংপুর।
আর বিপিএলের প্লে অফের নিয়ম অনুযায়ী, এক এবং দুইয়ে থাকা দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। সেখান থেকে জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। আর পরাজিত দল সুযোগ পাবে আরও একটি ম্যাচ খেলার। পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দল খেলবে এলিমিনেটর ম্যাচ। সেখান থেকে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। ফাইনালে যাওয়ার সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।
পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে চিটাগং ভাইকিংস। আর ঢাকা এবং রাজশাহীর মধ্যে এক দল চতুর্থ দল হিসেবে প্লে অফে খেলবে। ওই দুই দল খেলবে এলিমিনেটরে। প্রথম এলিমিনেটর ম্যাচ মাঠে গড়াবে ৪ ফেব্রুয়ারি বেলা দেড়টায়। একই দিন মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচটি। সন্ধ্যা ছয়টায় রংপুর এবং কুমিল্লা মুখোমুখি হবে ওই ম্যাচে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ৬ ফেব্রুয়ারি। বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায়।