চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তফা মোরশেদ আকাশ (৩২) আত্মহত্যার ঘটনার পর চট্টগ্রামে বিভিন্ন অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকে শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, চিকিৎসক সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানবন্ধনে বক্তারা বলেন, মেডিকেল কলেজ এবং হাসপাতালে সবার মধ্যমনি ছিলো ডাক্তার আকাশ। তার আত্মহত্যার পেছনে স্ত্রী মিতু এবং মিতুর পরিবারের সদস্যদের প্ররোচনা রয়েছে। আকাশের আত্মহত্যার প্ররোচনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মোস্তফা মোরশেদ আকাশ (৩২)। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের স্ত্রী মিতুর বিরুদ্ধে পরকীয়াসহ বিভিন্ন জনের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ধরেন। এই ঘটনার পর বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের নন্দনকাননের আত্মীয়ের বাসা থেকে মিতুকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।