logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৪৬
পরমাণু অস্ত্র ছেড়ে উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে, বললেন ট্রাম্প
অনলাইন ডেস্ক

পরমাণু অস্ত্র ছেড়ে উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে, বললেন ট্রাম্প

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক উপলক্ষ্যে হ্যানয়কে প্রস্তুত করছে ভিয়েতনাম। আসন্ন বৈঠকের মাত্র দু’দিন আগেই ট্রাম্প বললেন, পরমাণু অস্ত্র ছেড়ে দিয়ে উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে। এনডিটিভি, আল-জাজিরা, রয়টার্স, ইয়ন

গত রোববার ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া ভিয়েতনামের দিকে তাকাতে পারে। এই দেশটি মার্কিন সহায়তায় বিশ্বে অন্যতম অর্থনৈতিক শক্তিতে উন্নীত হচ্ছে। পিয়ংইয়ংও তাদের মতো বা তাদের চেয়ে আরো অগ্রগামী অর্থনীতির দেশে উন্নীত হতে পারে, তবে তাদের পারমাণবিক অস্ত্র ছাড়তে হবে।’

রোববার হোয়াইট হাউজে মার্কিন গভর্নরদের নিয়ে একটি বৈঠকেও ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার অগ্রগতিতে আমি খুশি। দেশটি অব্যাহতভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা হ্রাস করছে। কিমের সঙ্গে আমার সাক্ষাৎ হবে যা পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়তা করবে।’

গত ১২ জুন সিংগাপুরে উভয় নেতার বৈঠকের প্রায় ৮ মাস পর আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের হ্যানয়ে আবারো তারা মুখোমুখি হচ্ছেন। তাদের অনুষ্ঠিতব্য বৈঠককে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে ভিয়েতনাম।

এদিকে, ভিয়েতনামে কিমের আসন্ন সফর উপলক্ষ্যে ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছে উত্তর কোরিয়ার বিশেষ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। রোববার ভিয়েতনাম বিমানবন্দরে পৌঁছানোর পর চুলের বিশেষ কাটিং ও ভিন্নধরণের স্যুট পরা উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা গণমাধ্যমের চোখে পড়েন।

এছাড়া, ট্রাম্প-কিম বৈঠকের আগে হ্যানয়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সামরিক বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেয়া শুরু করেছে এবং ভবনগুলোর ছাদে অবস্থান নিয়ে রেডিও যন্ত্রসহ বিভিন্ন উপকরণ স্থাপন করতে দেখা গেছে।

গত শনিবার ট্রেনে করে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়েছেন কিম। হ্যানয়ে তার পৌঁছানোর প্রায় ২৪ ঘন্টা আগেই একজন অস্ট্রেলিয়ান কমেডিয়ানকে ভিয়েতনাম ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। হোয়ার্ড এক্স নামে লোকটিকে দেখতে অবিকল কিমের মতো। তাই তাকে আসল কিম দেশে আসার আগেই ভিয়েতনাম ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে বলে হ্যানয় জানিয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com