দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম (৪৬) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় শনিবার সেখানকার ক্রাইফনটেইন নামকস্থানে সকাল ৮ টার দিকে এ খুনের ঘটনা ঘটে। জহিরুলের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের স্ত্রীর বড় ভাই বাবু জানান, জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান জহির। পরে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো শনিবার নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন জহির। এসময় সন্ত্রাসীরা এসে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় জহিরকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জহিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরের মরদেহ বর্তমানে স্থানীয় একটি থানায় রয়েছে।
উল্লেখ্য, জহিরুল ইসলাম দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।