logo
আপডেট : ৩ মার্চ, ২০১৯ ১৫:৩৬
দু’জন শপথ নিলে ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না ।। মোশারফ
অনলাইন ডেস্ক

দু’জন শপথ নিলে ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না ।। মোশারফ

জাতীয় ঐক্যফ্রন্টের দুই সংসদ সদস্য শপথ নিলেও ফ্রন্টের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল ভোট ডাকাতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন না। এখন যদি গণফোরামের দু’জন শপথ নেয় তাতে ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না। কারণ আমরা বৃহৎ লক্ষ্য নিয়ে ঐক্যফ্রন্ট করেছি।

আজ রবিবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সঙ্গে তিনি জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ড. মোশাররফ বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল তথাকথিত ভোট ডাকাতির সংসদে যাব না। এখন ঐক্যফ্রন্টের দু’জন সদস্য সংসদে যাওয়ার ঘোষণা দিয়েছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা গণফোরামের বিষয়, তারা জানাবে।

একজন ধানের শীষ নিয়ে নির্বাচিত এ ব্যাপারে বক্তব্য কী? জবাবে তিনি বলেন, এ ব্যাপারে যা বিধিবিধান আছে, অবশ্যই সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

দু’জনের শপথের মাধ্যমে ঐক্যফ্রন্টে টানাপোড়েন হবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মোশাররফ বলেন, এটা এত আগে বলা যাবে না। আমরা বড় একটা টার্গেট নিয়ে ঐক্যফ্রন্ট করেছি। বিএনপি এই ঐক্যফ্রন্টের প্রধান ও বৃহৎ দল। অতএব আমি বিশ্বাস করি, গণফোরামের কেউ যদি সংসদে যায়ও তারপরও যেহেতু ঐক্যফ্রন্টের বৃহৎ একটা লক্ষ্য আছে, সেজন্য ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না।

সরকার বার বার গ্যাসের দাম বাড়িয়েছে অভিযোগ করে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আবার গ্যাসের দাম বাড়ানোর কথা বলছে। এ সরকারতো মানুষের রক্তচোষা সরকার। গ্যাসের দাম বাড়ালে জনগণ সংকটে পড়বে।

তিনি বলেন, আমি মনে করি, দেশ ও জনগণের কথা চিন্তা করে গ্যাসের দাম বাড়ানো উচিত হবে না। গ্যাসের দাম বাড়ালে বিএনপি কর্মসূচি দেবে।

এসময় কৃষক দলের নবনির্বাচিত আহ্বায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, তকদির হোসেন মোহাম্মদ জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com