logo
আপডেট : ২৭ জুলাই, ২০১৮ ১৯:২৮
মন্দিরের ১৫ কোটি রুপির সোনার কলস চুরি
অনলাইন ডেস্ক

মন্দিরের ১৫ কোটি রুপির সোনার কলস চুরি

ভারতের মধ্যপ্রদেশে রাজ্যের খানিয়াধানায় ঐতিহাসিক রাম জানকি মন্দিরের চূড়া থেকে চুরি হয়েছে একটি সোনার কলস৷ যার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি রুপি৷ সোনার কলস চুরির ঘটনায়  অজ্ঞাত পরিচয় চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মন্দিরের চূড়া থেকে সোনার কলস চুরি যাওয়ার বিষয়টি প্রথম খেয়াল করেন স্থানীয় বাসিন্দা শৈলেন্দ্র জুদেও৷ যিনি আবার নগর পঞ্চায়েত প্রধান৷ তিনিই পুলিশকে খবর দেন৷ ঘটনাস্থলে আসে পুলিশ৷ নিয়ে আসা হয় ডগ স্কোয়াড ও ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞদের৷ পিচো শহরের এসডিওপি আর পি মিশ্র এই খবর জানিয়েছেন৷

তিনি আরও জানান, চুরি যাওয়া কলসের ওজন প্রায় ৫৫ কেজি৷ যার বাজার মূল্য ১৫ কোটি রুপি৷ চুরির অভিযোগ দায়ের করা হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷

জানা গেছে, কয়েকদিন আগে মন্দিরটি সংস্কার করা হয়৷ সেই সময় মহারাষ্ট্র থেকে শ্রমিকদের নিয়ে আসা হয়েছিল৷ তাদের জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্রে দল পাঠানো হচ্ছে৷

খানিয়াধানার পূবর্তন রাজপরিবারের সদস্য জুদেও জানিয়েছেন, ওই মন্দিরটি ৩০০ বছর আগে তাদের পূর্বপুরুষদের আমলে তৈরি হয়েছিল৷ এই কলসটি ওরছার বিখ্যাত রামরাজা মন্দিরের মতোই। দুটিই একইসঙ্গে বসানো হয়েছিল৷

কলস চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ প্রতিবাদে তারা দোকানপাট বন্ধ রাখেন৷ চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মন্দিরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন৷ না হলে জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা৷ অপরদিকে চোরদের ব্যাপারে হদিস দিতে পারলে ১০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছেন পুলিশ সুপার রাজেশ হিঙ্গানকর।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com