গাজা সীমান্তে গুলি চালিয়ে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গাজা সীমান্তের কাছে ৪৩ বছর বয়সি গাজী আবু মুস্তফাকে গুলি করে ইসরাইলি সেনারা। এছাড়া, একই দিন দক্ষিণ গাজার রাফা সীমান্তের কাছে ১৪ বছর বয়সি এক অজ্ঞাত কিশোরকে হত্যা করে ইসরায়েলি সেনারা।
নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকারের পাশাপাশি গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানিয়ে গত ৩০মার্চ থেকে লাগাতার আন্দোলন করে আসছে ফিলিস্তিনিরা।
প্রথম দিকে প্রতিদিন বিক্ষোভ করলেও পরবর্তীতে শুধু শুক্রবারে গাজা সীমান্তে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এখন পর্যন্ত গুলি চালিয়ে দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর আহত হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষ।