বিভিন্ন দেশে এখন চলছে বর্ষা মৌসুম। ভারী বর্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। ভারতের উত্তর প্রদেশে ভারী বর্ষণ, ঝড় ও বজ্রপাতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। গত ৪৮ ঘন্টায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দেশটির আগ্রায় সর্বাধিক ছয় জন নিহত হয়েছেন। অন্যদিত মিরাটে ৩ জন, বরেলিতে ২ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী ২৬ ও ২৭ জুলাই রাজ্য জুড়ে ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন ৩৩ জন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রত্যেক সরকারি কর্মকর্তাকে ত্রাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
লাগাতার ভারী বৃষ্টির কারণে রাজ্যের বহু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে সতর্কবার্তা। এছাড়া বিদ্যুৎহীন রয়েছে হরিহরনগর, ইন্দিরানগর, গোমতিনগর, সাপ্রু মার্গ, আলিগঞ্জ, সীতাপুর রোড এবং আমিনাবাদের বিভিন্ন অঞ্চল।