জয়পুরহাটে ২১ প্যাকেট বিদেশি মদসহ শরিফুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
|সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচবিবি উপজেলার পূর্ব চেঁচড়া (ত্রিপুরা) সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, র্যাবের কাছে গোপন সংবাদ আসে- পাঁচবিবি উপজেলার পূর্ব চেঁচড়া (ত্রিপুরা) সীমান্ত এলাকায় মাদক পাচার হচ্ছে। এমন সংবাদে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ২১ প্যাকেট বিদেশি মদসহ শরিফুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়- অনেকদিন থেকে বিদেশি মদ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।