logo
আপডেট : ২৫ জুন, ২০২০ ১৭:৪১
এই দুর্যোগে ছাঁটাই না করার আহ্বান কাদেরের

এই দুর্যোগে ছাঁটাই না করার আহ্বান কাদেরের


নিজস্ব প্রতিবেদক
এই দুর্যোগের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান, কল-কারখানা, এনজিও বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই না করে ‘মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের’ আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, ‌আসুন ১৯৭১ সালে আমরা যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করেছি, এ সঙ্কটেও পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ আর সরকারি নির্দেশনা প্রতিপালনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাসের আঁধার থেকে আলোকে উত্তরণের পথে এগিয়ে যাই।
মহামারীর এই সময়ে নানা দিকে হতাশার মধ্যেও অর্থনীতির কিছু সূচকে আশার আলো দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ছাড়া অনেক হাসপাতাল সাধারণ রোগীদের চিকিৎসা না দেওয়ায় এর কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোনো কোনো হাসপাতাল রোগী ভর্তির না করার নানা ছল-চাতুরীর আশ্রয় নিচ্ছে, এ মুহূর্তে এটা সমীচীন নয়।
করোনাভাইরাস পরীক্ষার ক্ষেত্রেও অনেক রোগীর ভোগান্তির বিষয়টি তুলে ধরে কাদের বলেন, কোনো কোনো প্রতিষ্ঠান স্মার্ট এবং দ্রুত সেবা দিলেও কারো কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে। একদিকে টেস্টের সিরিয়াল পেতে সময় লাগছে, অপরদিকে নমুনা দেওয়ার পর রেজাল্ট পেতে লাগছে কয়েক দিন। অহেতুক এ সময় ক্ষেপণে রোগী ও আত্মীয়স্বজন যেমন উদ্বিগ্ন থাকছে, তেমনই মনোবল হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে।
করোনাভাইরাস পরীক্ষার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানকে নমুনা সংগ্রহে সমন্বয় বাড়ানোর পাশাপাশি স্বল্প সময়ে রিপোর্ট দেওয়ার এবং সেবার মান বাড়ানোর আহ্বান জানান সেতুমন্ত্রী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরুদ্ধে বরাবরের মত বিরূপ সমালোচনা করতে গিয়ে তিনি বিরাজনীতিকরণের অভিযোগ এনেছেন। আমরা বলতে চাই, এ সঙ্কটকালে সরকারতো কোনো রাজনীতি করছে না। এমন কি আওয়ামী লীগও না। এখন রাজনীতি হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ রোধ এবং মানুষ বাঁচানো। তিনি (ফখরুল) বলেছেন, সরকারের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনানির্ভর রাজনীতির জন্য বিএনপিরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বক্তৃতা বিবৃতি দিয়ে সরকারের সমালোচনা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com