logo
আপডেট : ২৭ জুন, ২০২০ ১৮:২৫
বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামে এক ডেকরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
লোকমান হোসেন খোকন স্থানীয় ফুলতলা গ্রামের বাসিন্দা মোসলেম সিকদারের ছেলে। শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত অবস্থায় লোকমান হোসেন খোকন শুক্রবার রাত ১১টার দিকে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
শনিবার সকালে মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রতার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে সন্দেহ করছে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আযাদ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com