ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রামে পদ্মার গ্রাসে তিনটি বসতভিটা বিলীন হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া হুমকির মুখে বসবাস করছে ৪২ পরিবার।
শনিবার সকালে ভাঙন কবলিত এলাকায় গিয়ে দেখা যায়, পদ্মাপাড়ের সামছু সেক, লিটন সেক ও মানিকের বসতভিটা ভেঙে গেছে। এছাড়া প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে বসবাস করছে ৪২ পরিবার। এছাড়া ওই গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছবুল্যা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাঃ বিদ্যালয় ভাঙনের মুখে।
এলাকার প্রবীণ হাসেম মিয়া বলেন, বাপ-দাদার ভিটায় বসবাস করে আসছি, এবার মনে হয় আর থাকা হবে না। বর্ষার শুরুতেই পদ্মা তার চেহারা পাল্টে দিয়েছে। প্রায় দুইশ' পালিত পশু আছে এই এলাকায়। এতগুলো পরিবার এতগুলো বাচ্চা-কাচ্চা ও পশুপাখি নিয়ে কই যাবে আল্লাহই জানে।
৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছালাম জানান, গত বছর ভাঙন রোধে ৬ হাজার বস্তা জিও ব্যাগ আসে। কিন্তু এই এলাকায় মাত্র ২ হাজার ৭শ' বস্তা ফেলা হয়। বাকি বস্তা এখানে আর ফেলেনি। এবারের ভাঙনের বিষয় চর হরিরামপুরের ইউপি চেয়ারম্যান আমির খাঁন ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানাকে জানালে তারা এখনও ঘটনাস্থলে আসেনি এবং এ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি।
এলাকাবাসীর বলেন, আমরা প্রতি মুহূর্তে আতঙ্কে আছি, কখন আমাদের বাড়ি-ঘর ভেঙে যায়। আমরা উপজেলা নির্বাহী অফিসার, এমপি ও পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন করছি দ্রুত আমাদের এলাকা ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হোক।