সুস্থ করে খালেদা জিয়ার বিচার করুন, সরকারকে মোশাররফ
দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে ছয় মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকা দলীয় প্রধান খালেদা জিয়াকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মোশাররফ বলেন, ‘চিকিৎসা করে সুস্থ করে তার (খালেদা) বিচার করুন। এতে আমাদের কোনো আপত্তি নাই। খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আমরা দাবি জানাবো।’
রবিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেন শেষে সাংবাদিকদের এ কথা বলেন খন্দকার মোশাররফ।
বিএনপির এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আমাদের সুযোগ দেওয়া হোক। তাকে আমরা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করাবো।’
দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও সুচিকিৎসার বিষয়ে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা প্রথম দাবি জানাবো যে, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা করানো হোক।’
মুক্ত বেগম জিয়াকে নিয়ে বিএনপি নির্বাচনে যাবে এমন মন্তব্য করে মোশাররফ বলেন, ‘এই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধিনে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে, সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে। বেগম জিয়াকে নিয়ে আমরা সেই নির্বাচনে যাবো।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারাদেশে নতুন করে গণগ্রেপ্তার শুরু হয়েছে। আমাদের কোনো আন্দোলন-কর্মসূচি নেই এবং রাজপথে কোনো কর্মী নাই। কিন্তু এখন কেনো গণগ্রেপ্তার চলছে? উদ্দেশ্য হচ্ছে, বেগম জিয়াকে জেলে রেখে, আমাদের আদালতের কাঠগড়ায় রেখে এবং বিএনপি ও ২০ দলকে বাইরে রেখে সরকার নির্বাচন করতে চায়।’
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নিরপেক্ষ সরকারের দাবি আমরা আদায় করবো। বেগম জিয়াকে মুক্ত করে নির্বাচনে যাবো। যতই ষড়যন্ত্র তারা করুক, এবার তারা (সরকার) পার পাবে না।’
এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
