নির্বাচন করবেন না শাকিব খান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সিদ্ধান্ত পরিবর্তন করেছেন শাকিব খান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল থেকেই প্রার্থী হচ্ছেন না ঢালিউড সুপারস্টার। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টির প্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন নায়ক শাকিব।
ঢালিউড সুপারস্টার শাকিব খান নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন শাকিব খান।
শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজেই জানিয়েছিলেন, রোববার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কিনবেন এবং এদিনই জমা দেবেন। গাজীপুরের একটি আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে পাশাপাশি শাকিব এটাও জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গ্রীন সিগন্যাল পেলে তবেই নির্বাচনে অংশ নেবেন তিনি।
দেশের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের মধ্যে এক রকম মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আর এ বিষয়টি তার নজরে আসলে ঘনিষ্ঠজনদের নিয়ে শাকিব আবারও আলোচনায় বসেন এবং ভক্তদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।
নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি শুরুর দিকে ইচ্ছুক ছিলাম কিছুটা। অন্যদিকে দলীয় হাইকমান্ড থেকেও চাইছেন আমি যেনো নির্বাচনে অংশ নিয়ে সিনেমার পাশাপাশি দেশেরও সেবা করি। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে তবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এ সংক্রান্ত খবর গণমাধ্যমে আসার পর আমার ভক্তরা কষ্ট পেয়েছে দেখলাম। তারা চাইছেন আমি যেন সিনেমার সঙ্গেই থাকি। আমার কাছে দর্শক-ভক্তরা আগে। তাদের ভালোবাসায় আমি শাকিব খান। সুতরাং তাদেরকে অগ্রাহ্য করে কিছু করা আমার জন্য মঙ্গলজনক হবে না বলেই মনে হয়েছে।’
শাকিব খান আরও বলেন, ‘সত্যি কথা বলতে কী, ভক্তদের মনোক্ষুণ্ণ হওয়ার বিষয়টি অনুধাবণ করে আমারও মনে হয়েছে, সিনেমা ছেড়ে এখনই আমার অন্য কিছু নিয়ে ব্যস্ত হওয়া ঠিক হচ্ছে না। সিনেমায় থেকেও দেশের সেবা করা সম্ভব। তাই ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেই নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম।’
শাকিবের কাছে জানতে চাওয়া হয় ভবিষ্যতে আবারও সিদ্ধান্ত বদল হবে কি না এ ব্যাপারে তিনি বলেন, ‘আপাতত সম্ভাবনা নেই। তবে ভবিষ্যৎ কেবল আল্লাহ জানেন।’
