ক্ষত সারতেই মনোনয়ন চাই: ফারুক
গাজীপুর-৫ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত অভিনেতা ফারুক। রবিবার মনোনয়ন কিনতে যাওয়ার আগে মুঠোফোনে তার সঙ্গে কথা হয় ঢাকা টাইমসের। এক সময়ের জনপ্রিয় এ নায়ক সে সময় বলেন. ‘যাইতাছি মনোনয়ন ফরম কিনতে, দোয়া কইরো।’ মনোনয়ন কিনতে ফারুকের সঙ্গে যান চিত্রনায়ক সাইমন সাদিক।
গাজীপুর-৫ আসনে অনেক ক্ষত, অনেক সমস্যা রয়েছে বলে মনে করেন নায়ক ফারুক। তিনি বলেন, ‘সেখানে নিজেদের ভেতরেই নানা কারণে নানা বিভেদ তৈরি হয়েছে। এজন্য সেই ক্ষত ও সমস্যাগুলো দূর করতে শেখ হাসিনার কাছে আমি এই আসনটিই চাইবো।’
বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহবায়কের দায়িত্বে রয়েছেন ফারুক। কাজেই তার মনোনয়ন ক্রয়কে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে মিডিয়াপাড়ায়। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ফারুক ভাই সিনেমার মানুষ। তিনি জনপ্রতিনিধি হলে আমাদের সিনেমারই মঙ্গল হবে।’
