মাশরাফির সঙ্গে প্রথম দেখায় হাফপ্যান্ট পরে গাড়ি নিয়ে খেলছিলেন তামিম
তামিমের বড়ভাই নাফিস ইকবালের সঙ্গে দারুণ বন্ধুত্ব সদ্য জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়া মাশরাফির। দুজন ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। আর তাই তামিম ইকবাল তারকা হয়ে উঠার অনেক আগে থেকেই পরিচয় ছিলো মাশরাফির সঙ্গে। করোনা পরিস্থিতির মধ্যে সতীর্থদের না জানা কথাগুলো মানুষের সামনে নিয়ে আসার জন্য ফেসবুক লাইভ করছেন তামিম। সেখানে সোমবার (৪ মে) রাতে মাশরাফিকে যুক্ত করেন তিনি। কথার এক পর্যায়ে তামিম জানাতে চান, তাদের প্রথম দেখার কথা মাশরাফির মনে আছে কিনা।
এরপর সেদিনের ঘটনা মাশরাফি বর্ণনা করেন এভাবে- ‘তুই হাফপ্যান্ট পরা, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি। আমি আর নাফিস তোর বড় ভাই তো বন্ধু। আমরা চট্টগ্রামে টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম। গিয়ে দেখি দুই তিনজন বন্ধু নিয়ে তোর বাসায় গাড়ি নিয়ে খেলছিস। আমার বাচ্চারা, তোর বাচ্চারা এখন যে গাড়ি নিয়ে খেলে। আমি বললাম, ভাইয়া তুমি ভালো আছো? ‘জ্বী ভাইয়া’ বলতেও তুই লজ্জা পাচ্ছিলি। সেই তামিম এখন বাংলাদেশে ক্যাপ্টেন। নাইস টু সি।’ মাশরাফি বলেন, ‘আজকে তোর এই জায়গায় আসার পেছনে সবচেয়ে বেশি অবদান তোর ভাই নাফিসের।’ এসময় তামিম বলেন, ‘এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।’ ম্যাশ আরও বলেন, ‘তোর ভাইকে আমি কাছ থেকে দেখেছি। তোর মাও ছিলো, তোর চাচারা ছিলো কিন্তু তোর ভাই তোর জন্য যে ত্যাগ স্বীকার করেছে সেটা অবিশ্বাস্য। তোর মা তোকে নিয়ে তোর বোনকে নিয়ে সংসার করেছে, তোর বাবা মারা গেছে। কিন্তু তোর ভাই যা করেছে সেটা তুই জানিস না, আমরা জানি। আমরা তো তার সঙ্গে চলেছি।’
